আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন গত ২৯ সেপ্টেম্বর। তফসিল অনুযায়ী এদিন দেশের ৮৪৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে গাইবান্ধা সদর উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে। ইতোমধ্যে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় দেশব্যাপী অনুষ্ঠেয় দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থীদের দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি।
গাইবান্ধা সদরের ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে নৌকার সওয়ার হয়েছেন সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে মো. শাহজাহান আলী প্রামানিক গিনি, মালিবাড়ীতে মো. শাহীন মিয়া, কুপতলায় মো. তাজুল ইসলাম, সাহাপাড়ায় মো. রেকায়েতুল ইসলাম রিংকু, বল্লমঝাড়ে মো. এমারুল ইসলাম সাবিন, রামচন্দ্রপুরে মো. জাহিদুল ইসলাম সরদার, বাদিয়াখালীতে মো. ফরিদ কবীর, বোয়ালীতে মো. খায়রুল ইসলাম, খোলাহাটীতে মাহমুদ সারওয়ার মুক্তা, ঘাগোয়ায় মো. আমিনুর জামান রিংকু, গিদারীতে মো. হারুনুর রশীদ ইদু, কামারজানীতে মো. মহিউল ইসলাম এবং মোল্লারচর ইউনিয়নে মো. সাইদুজ্জামান সরকার।
এরআগে নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার জন্য সদরের ১৩ ইউনিয়নে দলীয় প্রতিক নৌকা প্রত্যাশী ৬৭ জন সম্ভাব্য প্রার্থী দলের জেলা কার্যালয় থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা প্রদান করেন।









