মহান মুক্তিযুদ্ধের সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন আজ শনিবার (০৪ ডিসেম্বর)। ১৯৩৯ সালের ৪ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে তার জন্ম। তার বাবা মরহুম শেখ নূরুল হক বঙ্গবন্ধুর নিকটতম আত্মীয় ও ভগ্নিপতি। মা শেখ আছিয়া বেগম বঙ্গবন্ধুর বড় বোন।
শনিবার দিনব্যাপী নান কর্মসূচির মধ্য দিয়ে শেখ ফজলুল হক মনির ৮৩তম জন্মদিন উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা শাখা। কর্মসূচির মধ্যে ছিল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ মনির প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণ, বিকেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
গাইবান্ধা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবলীগের সাধারণ স¤পাদক শাহ আহসান হাবিব রাজিব। আলোচনা সভার আগে জন্মদিনের কেক কাটা হয়।
শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইন্সটিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ১৯৬০-৬৩ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় তিনি গ্রেফতার হন। ১৯৬৫ সালে পাকিস্তান নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন এবং দেড় বছর কারাভোগ করেন। ১৯৬৬-এর ৬ দফা আন্দোলন তার রাজনৈতিক জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে দেশের কল্যাণকামী যুবসমাজকে সাথে নিয়ে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন শেখ ফজলুল হক মনি এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে নিহত হন শেখ মনি।









