খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সরকারি অবকাঠামো নির্মাণে জমি সংকটে অবৈধভাবে দখল করে রাখা সরকারি খাস খতিয়ানের ২ একর ৫০ শতক জমির চিহ্নিত করণ ও জমি উদ্ধারে উদ্যোগ নিয়েছে প্রশাসন। বুধবার ২৭শে জুলাই উপজেলা প্রশাসনের সাথে দখলদারদের আলোচনা সভা হয়েছে। এর আগে ২৫ শে জুলাই বেদখল হওয়া জমি সরেজমিনে চিহ্নিত করণ ও পরিদর্শন করেন,উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চেীধুরী।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সম্মেলন কক্ষে,গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চেীধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উপজেলা ভাইস চেযারম্যান ঝর্না ত্রিপুরা, গুইমারা থানার ওসি রাজীব চন্দ কর, গুইমারা সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায়,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গুইমারা উপজেলা ১৯৭ নং গুইমারা মৌজার ২১২৩ দাগের বেদখল হওয়া সরকারি খাস খতিয়ানের ২একর ৫০শতক জমি আগামী ৫ আগস্টের ২০২৩খ্রি: মধ্যে খালি করে দেয়ার জন্য দখলদারদের প্রতি অনুরোধ করা হয়। ৫ তারিখের মধ্যে দখলমুক্ত না হলে প্রশাসনের পক্ষথেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে জানান,নির্বাহী অফিসার।
দখলদারদের দাবী,জয়নাল নামের এক ব্যক্তির কাছ থেকে তাঁরা আঞ্চলিক দলিলমুলে জমি কিনেছেন। যথাযথ প্রক্রিয়ায় ক্ষতিপুরণের দাবি তাদের।
গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চেীধুরী জানান,সরকারি খাস খতিয়ানের জমি কেনা-বেচা অপরাধ। জমি সংকটের কারণে উপজেলার সরকারি অবকাঠামোর উন্নয়ন কাজ শুরু করা যাচ্ছেনা। উপজেলার বিভিন্ন সরকারি অবকাঠামো নির্মাণে এসব খাস জমি ব্যবহার করা হবে।
গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা বলেন,অবৈধ দখলদারদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই উচ্ছেদ করা হবে।সরকারি খাস খতিয়ানের জমি কোনভাবেই অবৈধভাবে দখল করে রাখা যাবে না। দখলদারদের ক্ষতিপুরনের দাবি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।









