সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেছেন, চিকিৎসা পেশা একটি মহৎ পেশা এই পেশার মাধ্যমে মানুষের মন জয় করা যায়, সমাজ, রাষ্ট্রের সেবা করা যায়। চিকিৎসক সম্পর্কে আমাদের সমাজে একটা নেতিবাচক ধারনা রয়েছে। সে জায়গা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। আপনাদের আচরণে সেবা নিতে আসা কেউ যেন কষ্ট না পায় সেটি খেয়াল রাখতে হবে। শনিবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে সিরাজগঞ্জ জেলা থেকে ২০২২ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও অস্বচ্ছল পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। জেলা প্রশাসক আরও বলেন, আপনি যখন চিকিৎসাসেবা দিবেন তখন ভাববেন আপনার কোন আত্মীয় বা পরিচিতজনকে সেবা দিচ্ছেন। আপনারা গতানুগতিক চিকিৎসক না হয়ে মানবিক ও আদর্শিক চিকিৎসক হবেন। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোবারক হোসেন ও প্রেসক্লাব সভাপতি হেলাল আহামেদ সহ শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তির্ণ ৪৪ জন শিক্ষার্থীকে ফুল দিয়ে সংবর্ধনা ও অস্বচ্ছল শিক্ষার্থী পরিবারের মধ্যে দুই লাখ টাকা আর্থিক সহযোগীতা দেয়া হয়।









