কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা লেগে মোটর সাইকেল আরোহী দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল(৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আব্দুল লতিফের ছেলে। শুক্রবার রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মত চৌদ্দগ্রাম বাজার থেকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল। প্রতিমধ্যে চট্টগ্রামমুখী লেনে চন্ডিপুর এলাকায় বিকল হওয়া একটি কার্ভাডভ্যান (ঢাকা-মেট্রো উ১১-০৬১১)কে অপর একটি কাভাডর্ভ্যান টেনে নিয়ে ফেনী উদ্দেশে ছিলেন। হঠাৎ রশি ছিড়ে বিকল হওয়া কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে গেলে পিছনে থাকা মোটরসাইকেলটি কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দিলে চালক বাবুল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করায় নিহতের গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারে বইছে শোকের মাতম।
এদিকে দুর্ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করে।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার ও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে’।









