কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল কাশেম নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি পৌরসভার সেনেরখীল গ্রামের মৃত আনু মিয়ার ছেলে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকায় সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজির হোসেন।
নিহত আবুল কাশেমের ভাতিজা মুসা ইবনে মালেক জানান, আবুল কাশেম সোমবার দুপুরে মহাসড়কের একপাশে দিয়ে হেঁটে চৌদ্দগ্রাম বাজারে যাচ্ছিলেন। মহাসড়কের হায়দাপুল এলাকায় অজ্ঞাতনামা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন আবুল কাশেমকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বাদ এশা সেনেরখীল গ্রামে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আবুল কাশেমের পথে মৃত্যু হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চৌদ্দগ্রাম হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানা নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।









