নজরুল ইসলাম চৌধুরীঃ
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে ছাগলনাইয়া উপজেলা কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত উন্নয়ন মেলার প্রস্তুতি সভায় মেলার উপদেষ্টা ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল তার বক্তব্যে পল্লী বিদ্যুৎ ছাগলনাইয়া জোনাল অফিসের ডিজিএম আবু বকর শিবলীকে বলেন, আমার উপজেলাবাসী প্রতিদিন শুধু একটি বিষয়েই অভিযোগ দিচ্ছে আর তা হলো বিদ্যুৎ থাকেনা। বিদ্যুতের বিল বেশি। সব ক্ষেত্রে আমরা উন্নতি লাভ করতে পেরেছি কিন্তু বিদ্যুৎ নিয়ে আপনার ছিনিমিনি খেলছেন বিধায় মানুষ কষ্ট পাচ্ছে। সোহেল চৌধুরী ডিজিএমকে আরো বলেন, আপনি কাদের পরামর্শে এ উপজেলার মানুষকে কষ্ট দিচ্ছেন তা আমি জানিনা। তবে কোনো ষড়যন্ত্রের প্রমান পেলে আমি কঠোর হতে বাদ্য হবো। বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধান করুন এবং আমার উপজেলার মানুষকে শান্তিতে থাকার ব্যবস্থা করুন অন্যথায় আমরাও আপনাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিবো। আগামী ৪,৫ ও ৬ অক্টোবর এ তিনদিন ব্যাপী ছাগলনাইয়ায় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। উন্নয়ন মেলাকে সুন্দর ও সার্থক করার জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল চৌধুরী সকলকে আন্তরিক হয়ে পাশে থেকে কাজ করতে অনুরোধ করেন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরীর সভাপতিত্বে উন্নয়ন মেলার প্রস্তুতি সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ এমএম মুর্শেদ পিপিএম, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এয়ার আহম্মদ ভুইয়া, উপজেলা আ’লীগের সভাপতি সামছুদ্দিন আহম্মদ বুলু মজুমদার, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, ডিজিএম আবু বকর শিবলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন বাদশা চৌধুরী, ছাগলনাইয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শেখ কামাল, ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম, ফেনী জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তা ও বিভিন্ন স্কুল, কলেজ এবং মাদ্রাসার প্রতিনিধি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।









