ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমির বিরোধে পূর্ব শত্রুতার জের ধরে জমির মালিককে উপুর্যপুরী কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বিরোধী পক্ষ।
গতকাল (৮ এপ্রিল) দুপুরে পীরগঞ্জ উপজেলা রনশিয়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর জখম হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জমির মালিক দাবিদার দবিরুল ইসলাম খান (৫৫)।
এ ঘটনার অন্যান্য আহতরা হলেন- মাহফুজা (৪৫), লিমন(২৪) রুমি (৩৫) ও সুমি(২৫)।
আহত দবিরুলের মেয়ে সুইটি খানম অভিযোগ করে বলেন, জমি নিয়ে বেশ কয়েক বছর ধরে দ্বন্দ চলে আসছে একই এলাকার সুজন, জিন্না খান, জামান গংদের সাথে। গত ৭ এপ্রিল রাতে তারা একত্রিত হয়ে আমাদের আবাদকৃত ভূট্টা ক্ষেত ভেঙ্গে তছনছ করে দেয়। ঘটনাটি পরদিন সকালে জানতে পেরে আমার বাবা দবিরুল ও চাচা মাজেদুল ভুট্টা ক্ষেতে গিয়ে ক্ষেতের এ অবস্থা দেখে বকাঝকা করে বাসায় ফিরছিলেন। বাসার কাছাকাছি এলাকায় পৌছা মাত্র আগে থেকে ধারালো অস্ত্র-সস্ত্র নিয়ে ওৎ পেতে থাকা সুজন, জিন্না খান, জামান গংরা তাদের উপর আকস্মিক হামলা চালায়। এসময় তাদের আত্মচিৎকারে বাড়ীর অন্য সদস্যরা এগিয়ে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে তারা। এছাড়াও বাড়ী ঢুকে বাড়ী-ঘর ভাঙচুরসহ মালামাল লুটপাট করে বাড়ীর মুল গেট ভেঙ্গে নিয়ে চলে যায় সন্ত্রাসীরা।
এক পর্যায়ে আমার বাবা-চাচারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা বীরদর্পে এলাকা ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হলে সেখানে তাদের অবস্থা দেখে ভর্তি নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়।
এদিকে হাত-পা প্রায় দ্বি-খন্ডিত অবস্থায় দিনাজপুরে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দবিরুল ইসলাম খান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় এর সাথে যোগাযোগ করা হলে তিনি মারামারির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে মামলা চলছে। মারামারির ঘটনার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:









