ঠাকুরগাঁও সদর প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ে নৈশকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পনেরো জন।
শুক্রবার (৬ জুলাই) সকালে সদর উপজেলার বড়খোঁচাবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন ও টুকরো টুকরো হয়ে যাওয়া তার পরিচয় পাওয়া যায়নি।
প্রত্য্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দ্যেশে ছেড়ে আসা নাবিল পরিবহন নামে একটি নৈশ কোচ ঠাকুরগাঁওয়ের বড়খোঁচাবাড়ি বলাকা উদ্দ্যান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী কাজী ফার্মের একটি মাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক নিহত হন। আহত হয় নৈশকোচের পনেরো জন যাত্রী।
এ সময় স্থানীয়রা ঠাকুরগাঁও সদর থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।
ঠাকুরগাঁও সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুব্রত কুমার সেন জানান, আহত ব্যক্তিদের মধ্যে দুই জনের অবস্থা খুব আশঙ্কাজনক। তাই তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









