ফেনী জেলার দাগনভূঞার বেকেরবাজারে বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে ডাকাতিকালে দুর্বৃত্তরা আবদুল মান্নান (৪৫) ওরফে মনু নামে এক নৈশপ্রহরীকে খুন করেছে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় ৪ জনকে আটক করে। এদের মধ্যে তিনজন পুলিশের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারায়।
ঘটনাস্থল থেকে একটি পাইপগান, তিনটি ছোরাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।
দাগনভুঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ডাকাতদের ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। নৈশপ্রহরীর লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি একই উপজেলার আশ্রাফপুর গ্রামের মৃত নূর নবীর ছেলে।
পুলিশ স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ফেনী-মাইজদী মহাসড়কসংলগ্ন বাজারের শরিয়ত এন্ড ব্রাদার্সের তালা ভেঙ্গে ট্রাকে মালামাল তুলছিল। নৈশ প্রহরী মনু ও রফিক ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেয়। লোকজন টের পেয়ে মসজিদের মাইকেও ঘোষণা দেয়। এতে পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যায়।
ডাকাতদের ধরতে পুলিশ গুলি ছোড়ে, ডাকাতরাও গুলি চালায়। এসময় গুলিবিদ্ধ হয় তিন জন। তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেও মারা যায়। এই ঘটনায় ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। অপরাপর জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।









