ডুমুরিয়ায় আদালতের আদেশ অমান্য করে নালিশি সম্পত্তি থেকে শিরিস গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। শনিবারে তারা গাছ গুলো কেটে বিক্রি করে দিয়েছে।
ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা গ্রামের মুজিবর রহমান শেখের ছেলে মুস্তাফিজুর রহমান শেখ প্রাপ্ত অভিযোগে উল্লেখ করেন, একই গ্রামের মৃত আব্দুল বারিক মোড়লের ছেলে রওশন মোড়ল, আব্দুল হালিম মোড়ল ও রওশন মোড়লের ছেলে বিপ্লব মোড়লের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ আছে। একারণে তিনি নালিশি সম্পত্তি ফিরে পেতে ও শান্তি-শৃংখলা রক্ষার্থে খুলনার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ধারা চেয়ে একটি মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য আদেশ দেন। কিন্তু বিবাদীরা আদালতের আদেশ অমান্য করে উক্ত নালিশি সম্পত্তির উপর লাগানো শিরিস গাছ কেটে বিক্রি করে দিয়েছে। শনিবার সকালে ব্যাপারী মিজানুর রহমান লোকজন নিয়ে গাছ কেটে নেয়। এব্যাপারে হালিম মোড়ল বলেন, আমাদের গাছ আমরা কেটে নিয়েছি।









