তাহিরপুর সুনামগঞ্জ থেকে :: সুনামগঞ্জের তাহিরপুর হাওরাঞ্চলের অর্থনৈতিক অবস্থা অনেকটাই নির্ভর করে বুরো ধানের উপর। মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও গত কয়েক বছরের তুলনায় এ বছর বুরো ধানের ফলন ভাল হয়েছে। তাহিরপুর উপজেলার ছোট বড় প্রায় ২৩টি হাওরে এ বছর বুরো ধানের বাম্পার ফলন হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানিও কৃষকরা। বর্তমান পরিস্থিতিতে যদিও প্রথম দিকে শ্রমিক সংকট ও আগাম বন্যার ধারণা করা হয়েছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় ততটা প্রভাব পড়েনি স্থানীয় কৃষকদের মধ্যে। ফলে কৃষকদের মুখে এখন হাসি ফুটে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ইতোমধ্যে হাওরে সরকারী হিসেব মতে প্রায় ৭৫ ভাগ ধান কাটা হয়ে গেছে। এখন পুরোদমে চলছে ধান মাড়াই এবং শুকানোর কাজ। আর ১০/১২ দিন আবহাওয়া অনুকূলে থাকলে হাওরের ধান কাটা শেষ হয়ে যাবে। তবে বেসরকারী হিসেব মতে, হাওরে ধান কাটা হয়েছে ৫০ থেকে ৫৫ শতাংশ। আরও তিন সপ্তাহ লাগবে হাওরের পুরো ধান কেটে গোলায় তুলতে।
সূত্রে জানা যায়, এবার হাওরে বুরোর বাম্পার ফলন হলেও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা তাদের কষ্টের ফলানো ফসল নিজেদের গোলায় ঠিকমতো তুলতে পারছেন না। ধানের চারা রোপনের সময় মহাজনের নিকট থেকে চড়া সুদে টাকা নিয়ে ফসল ফলানোর ফলে কম দামে ধান নিচ্ছেন এখন ব্যবসায়ীরা। আবার টাকা পরিশোধ করতে কোন কোন কৃষক ধান মাড়াইয়ের পূর্বেই কম দামে ধান বিক্রি করে টাকা পরিশোধ করছেন। এতে করে কৃষকদের গোলা ধান শূন্যই থেকে যাচ্ছে।
তাহিরপুর খাদ্য গুদামে গত ২৮ এপ্রিল সরকারীভাবে ধান ক্রয় উদ্বোধন করা হয়েছে। খাদ্য গুদামে প্রতি কৃষক ধান দিতে পারবেন ১ মেট্রিকটন করে। প্রতি মন ধানের সরকারী দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা। আর এ ধান ক্রয় করার কথা উপজেলার সাত ইউনিয়নের প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কাছ থেকে।
বর্তমানে উপজেলা কৃষি অফিস প্রান্তিক ও ক্ষুদ্র্র কৃষকদের একটি তালিকা তৈরি করছেন। আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে তালিকার কাজ শেষ করার কথা। পরে এর মধ্য থেকে কৃষকদের কাছ থেকে লটারীর মাধ্যমে ধান ক্রয় করবে সরকার। বর্তমানে উপজেলার স্থানীয় হাটে ধানের বাজার দর ৭’শ থেকে ৭’শ ৫০ টাকা। আর যারা ধান কাটার পূর্বে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছেন তারা ধান বিক্রি করছেন এখন ৫’শ টাকায়। ফলে কৃষকের বিপরীতে লাভের মুখ দেখছেন সুধী মহাজনরা।
মাটিয়ান হাওরের কৃষক কালাম মিয়া আক্ষেপ করে বলেন, হাতে নগদ টাকা না থাকায় ধান কাটার পূর্বেই ২০ মন ধান ৫শ টাকা দরে বিক্রি করেছেন এক ব্যবসায়ীর কাছে। তিনি বলেন, সময় মতো কৃষি ব্যাংক থেকে লোন না পাওয়ায় বাধ্য হয়েই এসব ব্যবসায়ীদের কাছে থেকে কম দরে টাকা নিয়ে বোরোর চাষ করতে হয়।
শনি হাওরের আরেক কৃষক বক্কুল মিয়া বলেন, প্রতি বছরই ২-৩শ মন ধান পায়, কিন্তু কখনোই খাদ্য গুদামে এক টুকরো ধান দিতে পারিনি। লটারীতে যাদের নাম উঠে ততক্ষণে অধিকাংশের ঘরেই খাদ্য গুদামে ধান দেয়ার মত তাদের ধান থাকেনা। খাদ্য গুদামে তখন ধান দেয় এসব মৌসুমি ব্যবসায়ীরা।
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মফিজুর রহমান বলেন, খাদ্য গুদামে ধান ক্রয় উদ্বোধন করা হয়েছে। আগামী ১২ মে থেকে কৃষকরা সরাসরি খাদ্য গুদামে ধান দিতে পারবেন, তাছাড়া ইচ্ছে করলেই আমরা এখন ধান নিতে পারিনা। সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারিত সময়েই ধান সংগ্রহ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা বলেন, চলতি বোরো মৌসুমে তাহিরপুর উপজেলায় ১৭ হাজার ৫২৭ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল ১৮ হাজার ৩০০ হেক্টর। ধারনা করা হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এ বছর বুরোর বাম্পার ফলন হয়েছে এবং সর্বোচ্চ পরিমাণ ধান কৃষকরা এবার ঘরে তুলতে পারবেন। তিনি বলেন, এখন কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে, প্রকৃত কৃষকরা যেন খাদ্য গুদামে ধান দিতে পারেন সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
Please follow and like us:









