বাগেরহাটের মোংলা পৌর আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসন্ন মোংলা পৌরসভা নিবার্চনে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের বিরুদ্ধে প্রার্থীতা প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার হাই ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ শে ডিসেম্বর থেকে দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কৃতদের সাথে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে সকল প্রকার রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো বলেও উল্লেখ করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন, মৌংলা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী মোঃ হাবিবুর রহমান, মামুন হাওলাদার বাচ্চু, আব্দুল জলিল শিকদার, মোঃ জাহাঙ্গীর হোসেন, ইমরান হাওলাদার, মাসুম বিল্লাহ, মোঃ মনিরুজ্জামান জামাল, ফিরোজ শাহ, ওবায়দুল হাওলাদার, পারভীন আক্তার, শিরিন বেগম, কোহিনুর বেগম এবং সুমী লীলা।
Please follow and like us:









