নানা সংশয় আলোচনা-সমালোচনা ও জল্পনা-কল্পনাসহ ব্যয়বহুল নির্বাচনী প্রচার-প্রচারণা শেষে রোববার (২৮ নভেম্বর) সারাদেশের সাথে তৃতীয় ধাপে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে আ’লীগ দলীয় নৌকা প্রতীকে ২ জন, জাতীয়পার্টির লাঙ্গল প্রতীকে ২ জন, স্বতন্ত্র হিসেবে ঘোড়া ও মোটরসাইকেল প্রতীক নিয়ে ১ জন করে ৬ প্রতিদ্বন্দ্বি প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা বিরতিহীন স্বতঃস্ফূর্ত উপস্থিত ভোটার নারী-পুরুষ উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করেন। দু’টি করে ৬ ইউপির বিপরীতে দায়িত্বপ্রাপ্ত পৃথক তিন রিটার্নিং অফিসার উপজেলা পরিষদ টাউনহলে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্তভোট গণনা সম্পন্ন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. শাহীনুর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহ. মাহতাব হোসেন ও উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেনের তত্ত্বাবধানে এদিন রাত ১১টা নাগাদ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে আ’লীগের ২ প্রার্থী, জাতীয় পার্টির ২ ও স্বতন্ত্র ২ (বিএনপি) প্রার্থীসহ ৬ প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান নির্বাচিত হন।
হোসেনপুর ইউপির বর্তমান চেয়ারম্যান মো. তৌফিকুল আমিন মন্ডল টিটু (জাপা) লাঙ্গল প্রতীকে ৩৯৩২ ভোট পেয়ে পুনঃ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম নৌকার প্রার্থী একেএম আহমেদুল কবির রাঙ্গা পেয়েছেন ৩৭২৩ ভোট।
মহদীপুর ইউনিয়নে নৌকা প্রতীকে ৬০৬৪ ভোট পেয়ে পুনঃ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল। আনারস প্রতীকে ৪৫৬৩ ভোট পেয়ে নিকটতম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. ইমরুল কবির চৌধুরী চপল। বেতকাপার সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোস্তা (জাপা) লাঙ্গল প্রতীকে ৫৩০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে ৫০৯৭ ভোট পেয়ে নিকটতম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান সৈকত (বিএনপি)।
পবনাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মাহাবুবুর রহমান মন্ডল (বিএনপি) মোটরসাইকেল প্রতীকে ৩৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অটোরিক্সা প্রতীকে ২৭১১ ভোট পেয়ে নিকটতম হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শাহীন খন্দকার। মনোহরপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক মো. আব্দুল ওহাব প্রধান রিপন নৌকা প্রতীকে ৬০৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। লাঙ্গল প্রতীকে ৩৯৪৬ ভোট পেয়ে নিকটতম হয়েছেন মো. আব্দুল মাজেদ মিয়া (জাপা)। হরিনাথপুর ইউনিয়নে ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. কবির হোসাইন জাহাঙ্গীর (বিএনপি) ৩৬৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী মো. মেজবাউর রহমান চশমা প্রতীকে ২৯৪৩ ভোট পেয়ে হয়েছেন নিকটতম। নির্বাচন চলাকালীন ছোট-খাটো বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া কোন উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
অপরদিকে; এ প্রতিবেদন লেখা পর্যন্ত অনুষ্ঠিত ৬ ইউনিয়ন নির্বাচনে বিভিন্ন ওয়ার্ডের বিপরীতে সংরক্ষিত মহিলা ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী এবং নিকটতম প্রার্থীদের নাম পাওয়া সম্ভব হয়নি।
নির্বাচনে পলাশবাড়ী উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪২ জন, সংরক্ষিত নারী সদস্য ১১১ জন ও সাধারণ সদস্য পদে ২৮৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ২৫ হাজার ৬৪৭ জন। এরমধ্যে পুরুষ ৬১ হাজার ১৮ ও মহিলা ৬৪ হাজার ৬২৯ জন। নির্বাচনে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণের কাজে নিয়োজিত ছিলেন ৬০ জন প্রিজাইডিং অফিসার ও ৩৬৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪২৬ জন পোলিং অফিসার।









