রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নে বাবুল শেখ ওরফে বাবু (৪৫) নামে এক ব্যক্তির দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাবু উপজেলার বানেশ্বর ইউনিয়নের বালিয়াঘাটি এলাকার মজিবর রহমানের ছেলে। নিহত বাবুর উপজেলার বানেশ্বর বাজারে টাইলসের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাতের কোনো এক সময় ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন বাবু। তবে আত্মহত্যার বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, শুক্রবার ভোরে বেলপুকুর রেলগট এলাকায় বাবুর দ্বিখ-িত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন না তাকে কেউ রেললাইনে ট্রেনের নিচে ফেলে হত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এব্যাপারে রেলওয়ের ঈশ্বরদীর জিআরপি থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।









