দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি নিয়ে দ্বন্দে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন করেছেন দুই পক্ষ। ফুলবাড়ী পৌর শহরের গৌরিপাড়া মৌজায় ২৪৯ দাগে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৬৭ শতাংশ জমির ভাগাভাগী নিয়ে দ্বন্দে গত ২৩ অক্টোবর একটি সংবাদ সম্মেলন করেন প্রতিপক্ষ মোহাম্মদ আলী কাদের নেওয়াজ।
এরই প্রতিবাদে ওই সংবাদ সম্মেলনটিতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করা হয়েছে এমন দাবী করে বুধবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ছালাহ উদ্দিন একটি সংবাদ সম্মেলন করেন। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ী পৌর শহরের গৌরিপাড়া মৌজায় ২৪৯ দাগে ৬৭ শতাংশ জমির মধ্যে পৈত্রিক সূত্রে প্রাপ্ত ৩৫ শতাংশ জমিতে ২০০১ সালে ফুলবাড়ী টেকনিক্যাল অ্যান্ড বিএম ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়। পরবতীর্তে শিক্ষা প্রতিষ্ঠানের নামে একাডেমিক ভবন সম্প্রসারণ কাজের জন্য ৩ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে চার তলা ভবনের শ্রেণী কক্ষ নির্মাণের অনুমোদন প্রাপ্ত হলে ভবন নির্মাণে প্রতিপক্ষরা বাঁধা প্রদান করছে।
প্রতিষ্ঠানের জমির দিক নির্ণয় নিয়ে পারিবারিক দ্বন্দ চলে আসছিল যা সমঝোতাও হয়েছে এবং পশ্চিম দিকে প্রতিপক্ষের অংশ আর পূর্বদিকে ওই প্রতিষ্ঠানের অংশ নির্ধারিত হলেও প্রতিপক্ষরা সমঝোতা না মেনে প্রতিষ্ঠানের জায়গাকে নিজেদের জমি দাবি করে ভবন নির্মাণে বাঁধাসহ হুমকী প্রদান করে আসছে। শুধু তাই নয়,কতিপয় দুস্কৃতিকারী কুচক্রিমহল মিথ্যা ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে সংবাদ সম্মেলন করছে,যা মোটেও সত্য নয়। এ বিষয়ে প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠান বিদ্বেষি চক্রান্তকারীদের শাস্তির দাবিসহ তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এসময় উপস্থিত ছিলেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বিপ্লব কুমাার দাস, মোঃ মাহামুদুল হাসান, সোহরাব হোসেন,তারিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা।
বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রতিপক্ষ মোহাম্মদ আলী কাদের নেওয়াজ জানান, তার বাবা মরহুম দারাজ উদ্দিন মন্ডল তাদের দুই ভাইয়ের নামে ওই জমিটি সমান ভাগে দিক নির্ণয় করে বন্টন করে দেন। পরবর্তীতে তার ভাই মোজাফ্ফর হোসেনের ছেলে ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবু তৈয়ব ছালাহ উদ্দিন বন্টক নামা অনুযায়ী দিক নির্ণয় না মেনে গায়ের জোরে প্রতিষ্ঠান নির্মাণ করেছে। বিষয়টি নিয়ে আদালত থেকে মামলার রায় পেলেও তারা তা মানছে না বলেই জানান তিনি।









