দুদকের দায়েরকৃত আড়াই কোটি টাকা আত্মসাতের মামলায় কারাগারে প্রেরণ করেছে বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানকে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) পৌর মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক সচিব মোহাম্মদ রেজাউল করিম বাগেরহাট দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মো. রবিউল ইসলাম শুনানি শেষে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পৌর মেয়র খান হাবিবুর রহমান বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। পৌর মেয়রের জামিন নামঞ্জুরের প্রতিবাদে তাৎক্ষণিক ভাবে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা বাগেরহাট-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও রাস্তায় বিদ্যুতের খুটি ফেলে অবরোধ ও বিক্ষোভ শুরু করে। ফলে বন্ধ হয়ে যায় মহাসড়কে সব ধরনের যান চলাচল। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আদালত সূত্রে জানা গেছে, বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমানসহ ১৭ জনের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকা আত্মসাৎ করার দায়ে গত বছরের ২৫ নভেম্বর পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। চাকরিতে লোক নিয়োগ এবং আবাহনী ক্রীড়া কমপ্লেক্স ও ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ না করে এ টাকা আত্মসাৎ করার দায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্মিলিত খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এই মামলা দায়েরের পর চলতি বছরের ৩১ জানুয়ারী হাইকোর্টে পৌর মেয়র খান হাবিবুর রহমান ও সাবেক সচিব বর্তমান মাগুরা পৌরসভার সচিব মোহাম্মদ রেজাউল করিম জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের ৩ সপ্তাহের মাধ্য নিম্ন আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেন। বুধবার পৌর মেয়র ও সাবেক সচিব বাগেরহাটের দায়রা ও সিনিয়র স্পেশাল জজ আদালতে জামিন আবেদন করলে বিচারক মো. রবিউল ইসলাম শুনানি শেষে দুপুরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
খবর পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা খুলনা – বাগেরহাট মহাসড়কে (বাগেরহাট আদালতের সামনে) টায়ার জ্বালিয়ে ও বিদ্যুতের খুটি ফেলে বেরিকেড সৃষ্টি করে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক আদালতের সামনে থেকে বিক্ষোভ ও অবরোধ কারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
Please follow and like us:









