দিনাজপুরের বিরামপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বি,এন,পি’র ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির সোমবার (৩০ নভেম্বর) দিনব্যাপী পৌর শহরের বিভিন্ন সড়ক ও হাট-বাজারে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। তিনি দীর্ঘদিন থেকেই সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছেন। এছাড়াও তিনি মেয়র পদের জন্য বি,এন,পি’র দলীয় পরিচয়ে দীর্ঘদিন থেকে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। পৌর শহরের বিভিন্ন সড়কের আশেপাশে ও পাড়া-মহল্লায় তাঁর আগাম প্রচারণার ব্যানার-ফেস্টুন ও পোস্টার চোখে পড়তে দেখা গেছে। গণসংযোগকালে মেয়র পদে বি,এন,পি’র মনোনয়ন প্রত্যাশী ও পৌর বি,এন,পি’র সভাপতি হুমায়ুন কবির বলেন, “আসন্ন বিরামপুর পৌরসভা নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে দলীয় নেতাকর্মীসহ সকলকে সাথে নিয়ে আমি নির্বাচনে বিজয়ী হবো ইনশাআল্লাহ্।” তিনি আরো জানান, রাজনৈতিক সূত্রে ও নির্বাচনের লক্ষ্যে দীর্ঘদিন থেকেই পৌরবাসীর সুখ-দুঃখে তাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। আর এ কারণেই পৌর নির্বাচনে পৌরসভার ভোটারবৃন্দ তাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তাঁর সাথে জেলা বি,এন,পি’র আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা বি,এন,পি’র সাবেক সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা বি,এন,পি’র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি কমর সেলিম, পৌর বি,এন,পি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই, উপজেলা যুবদলের আহবায়ক জীবন চৌধুরী শাহিন, পৌর যুবদলের আহবায়ক তসলিম উদ্দিন মন্ডল, সদস্য সচিব পলাশ বিন আশরাফী সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল সহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।









