ব্রিটিশবিরোধী আন্দোলনে প্রথম ‘স্বাধীন পলাশবাড়ী স্টেট’ ঘোষণার শততম বার্ষিকী পেরিয়ে ১০১তম বছরে (২০ আগস্ট ১৯২১-২০ আগস্ট ২০২১) পদার্পণ উপলক্ষে স্মৃতিচারণ মূলক এক আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সন্ধায় বিশ্ব সাহিত্য কেন্দ্র উপজেলা শাখা কার্যালয়ে হাসান আজিজুর রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরআগে গত ২০২০ সালের ২০ আগস্ট দিবসটি উদ্যাপনে গঠিত কমিটির আহবায়ক সাংবাদিক মনজুর কাদির মুকুল এবং সদস্য সচিব পল্লী অগ্রগতি ও উজ্জীবন নাট্য সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটনের আহবানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে প্রথম বারেরমত দিবসটি উদযাপন করা হয়। চলতি ২০২১ সালের ২০ আগস্ট আয়োজক কমিটি দ্বিতীয় বারেরমত দিবসটি উদ্যাপন করেন।
উদ্যাপন কমিটির আহবায়ক বিশ্ব সাহিত্য কেন্দ্র পলাশবাড়ী শাখার সংগঠক বিশিষ্ট সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সহ-সভাপতি ভিপি রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, এসএম সরকারি উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মিজান, পল্লী অগ্রগতি ও উজ্জীবন নাট্য সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক লিটন, লেখক ও কলামিস্ট বজলার রহমান রাজা, বিশ্ব সাহিত্য কেন্দ্র সদস্য আলহাজ্ব একরাম হোসেন বাদল, আলিউল ইসলাম বাদল ও অ্যাড. রেজাউল করিম রেজা।
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ জহুরুল কাইয়ুম তাঁর প্রধান আলোচকের বক্তব্যে ব্রিটিশবিরোধী আন্দোলনের বিশদ ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতিকথা তুলে ধরেন। ‘স্বাধীন পলাশবাড়ী স্টেট’-এর সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনার স্বার্থে তৎসময় শহরের দক্ষিণাংশে জামালপুর গ্রামে অস্থায়ী অফিস-আদালত স্থাপন করা হয়।
পরবর্তীতে স্থানটিতে ‘অফিসের হাট’নামক একটি হাট বসানো হয়। সপ্তাহের প্রতি বৃহস্পতি ও সোমবার নিয়মিত ভাবে হাটটি বসে আসছিল। দীর্ঘ বছর হাটটি যথাস্থানে না বসায় কোটি কোটি মূল্যের পরিত্যক্ত জমি নিয়ে সৃষ্টি হয় নানা জটিলতা। স্মৃতি বিজড়িত ‘স্বাধীন পলাশবাড়ী স্টেট’-এর ঐতিহাসিক স্থানটি স্মরণীয় করে রাখতে প্রশাসনের সহায়তায় জরুরি ভিত্তিতে মরহুম নেতৃবৃন্দের নাম সম্বলিত স্মৃতিফলক স্থাপনের মতামত ব্যক্ত করেন বক্তারা। স্থানটিতে ছোট্ট পরিসরে হলেও আবারো নিয়মিত বাজার বসানোসহ নেতৃবৃন্দের নামে স্ব-স্ব এলাকায় সড়কের নাম করণের দাবী জানান বক্তারা।
স্থানীয়ভাবে জনগুরুত্বপূর্ণ দিবসটির গুরুত্ব ও প্রেক্ষাপট তুলে ধরে অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ঐতিহাসিক আন্দোলন কালীন ওতোপ্রোত সম্পৃক্ত মরহুম বীর যোদ্ধাদের শিঁহরিত সাহসি ভূমিকার ভূয়সী প্রশংসাসহ স্মৃতিচারণ করে বক্তারা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।তাদের কেউই আজ বেঁচে নেই। ব্রিটিশবিরোধী আন্দোলন কমিটির ৪৯ জন নেতৃস্থানীয় যোদ্ধার স্ব-স্ব পারিবারিক গর্বিত উত্তরাধিকারী ১৮ (আংশিক) সদস্যের হাতে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট হস্তান্তর করা হয়। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু ও সাইদুর রহমান।









