ময়মনসিংহের ভালুকায় সরকারি নির্দেশনা অমান্য করে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে গাদাগাদি করে মানুষ নিয়ে পণ্যবাহী গাড়ি চলাচল করছে পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে।
আজ ২ এপ্রিল বৃহস্পতিবার ভালুকা বাসস্ট্যান্ডে উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা করে ০২টি ট্রাক ও ০২ টি পিকআপসহ মোট চারটি যানবাহনের চালককে মোট ৫৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মার সাথে উপজেলা প্রশাসন ও সেনা সদস্যরা অভিযানে অংশ নেয়।
ভালুকা উপজেলা সহকারী (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ত্রিশাল প্রতিদিনকে বলেন, সরকারি নিয়ম অমান্য করে করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যে গাদাগাদি করে পন্যবাহী ট্রাক,পিকআপ গুলো যাত্রি পরিবহন করছিলো। বাসট্যান্ড চত্বরে তাৎক্ষনিক মোবাইল কোর্ট বসিয়ে চালকদের ৫৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, আগামীকাল থেকে শুধু গাড়ি চালক নয়, যাত্রীদেরকেও আইনের আওতায় আনা হবে। করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় অবস্থান করুন। নিজে বাঁচুন, দেশের মানুষদেরকে বাঁচতে দিন।









