মোহাম্মদ (সা:) এর অবমাননার প্রতিবাদে কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে মিছিলটি বের হয়ে মজমপুর পৌরসভার সামনে শেষ হয়। সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের নেতৃবৃন্দ।
এছাড়া ও কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামি আন্দোলন বাংলাদেশ , ওলামা পরিষদ ও সর্বস্তরের জনগণ ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গাত্নক কার্টুন প্রদর্শনের প্রতিবাদে শুক্রবার বিকেলে কুমারখালী শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
এসময় ফরাসি পণ্য বর্জনের পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বিচার দাবী করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন কুমারখালী ও খোকসা উপজেলা ওলামা পরিষদের সভাপতি হাফেজ মৌলানা দেলোয়ার হোসাইন মাজহারী, ইসলামী আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সভাপতি ক্বারী নিজাম উদ্দিন, মৌলানা আব্দুল মালেক সহ অনেকে। সমাবেশে সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামি আন্দোলন কুমারখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম তাওহিদ।









