রাজশাহীতে আদিবাসী সম্প্রদায়ের মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তির টাকা লোপাটকারী জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় আদিবাসী ছাত্র পরিষদ মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এই মানববন্ধেনর আয়োজন করেন। এসময় মানববন্ধন থেকে বৃত্তি বিতরণে দায়িত্বপ্রাপ্ত কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডুসহ দুর্নীতির সঙ্গে জড়িত সবার শাস্তি দাবি করা হয়। একইসঙ্গে একাডেমিতে আদিবাসীবান্ধব কর্মকর্তা পদায়নের দাবি জানানো হয়। মানববন্ধনে কালচারাল একাডেমির নির্বাহী কমিটির সাবেক সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, রাজশাহী বিভাগীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠা হয়েছিল আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণের জন্য। কিন্তু সেটা বর্তমানে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেখানে বিএনপিপন্থী ব্যক্তিরা আধিপাত্য দেখাচ্ছেন। আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তির টাকা আত্মসাতের ঘটনায় তিনি বেনজামিন টুডুসহ জড়িতদের বিচারের আওতায় এনে অপসারণ দাবি করেন। একাডেমির সাবেক সদস্য বিমল চন্দ্র রাজোয়াড় বলেন, একডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু বিএনপির সময় নিয়োগ পেয়ে এখনো পর্যন্ত বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা করেই চলেছেন। তার অপসারণের দাবি জানান তিনি। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদের সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দপ্তর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, কেন্দ্রীয় সদস্য বিভূতী ভূষণ মাহাতো, আদিবাসী যুব পরিষদের জেলার সভাপতি উপেন রবিদাস, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য উত্তম মাহাতো কেন্দ্রীয় কোষাধ্যক্ষ অনিল রবিদাস ও দপ্তর সম্পাদক পলাশ পাহান। এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- কলামিষ্ট প্রশান্ত কুমার সাহা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী বরজাহান, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশিষ প্রামানিক দেবু, ন্যাপের জেলার সাধারণ সম্পাাদক মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের রাজশাহীর সভাপতি রঘুনাথ রবিদাস, জনউদ্যোগের রাজশাহীর ফেলো জুলফিকার আহমেদ গোলাপ, ইয়্যাসের রাজশাহীর কোষাধ্যক্ষ আতিকুর রহমান আতিক প্রমূখ। মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান কর্মসূচিতে সভাপতিত্ব করেন। পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডা। প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রাজশাহী বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী ও গরিব শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা হয়। এ জন্য গত বছর ১২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। গত ২৭ মে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বৃত্তি সুবিধা পাওয়ার যোগ্য শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়। পরে প্রায় ৬০০ শিক্ষার্থীর আবেদন জমা পড়ে। এর মধ্যে বৃত্তির জন্য যোগ্য হিসেবে প্রায় ৫০০ শিক্ষার্থীর তালিকা সম্প্রতি প্রকাশ করা হয়। তবে এই তালিকায় নিজেদের ইচ্ছামতো শিক্ষার্থীদের নাম দেওয়া হয়। তবে এদের অনেকেই সেই টাকা এখনো হাতে পাননি। তাদের টাকা লোপাক করা হয়।









