রাজশাহী জেলাজুড়ে অপুষ্টিজনিত অন্ধত্ব দুর করতে এবং শিশু মৃত্যু প্রতিরোধে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩৮৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
শনিবার সকালে নগরীর ১৩নং ওয়ার্ডের দড়িখরবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র শিশুদের এ ক্যাপসুল খাওয়ান।
এবার মহানগরীতে ৬২ হাজার ১৬৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৯৫০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৪ হাজার ২১৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়াও, রাজশাহী জেলা পর্যায়ে ২ লাখ ৮৮ হাজার ৬২০ জন শিশুকে ১৭৪৪টি কেন্দ্রে ভিটামিন ‘এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৬১২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল (এক লাখ আই ইউ) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৬০ হাজার ৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল (দুই লাখ আই ইউ) খাওয়ানো হয়েছে।









