শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেপারীপাড়া এলাকার বেশ কয়েকটি কৃষক পরিবার গত তিন বছর যাবত পণ্য উৎপাদন করতে পারছেন না। কৃষি জমিতে ফসল উৎপাদনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেয়াসহ বিভিন্ন দাবীতে মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শ্রীপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। দুই শতাধিক কৃষক সদস্য মানববন্ধনে অংশগ্রহণ করেন।
আফির বেপারী, এমদাদ বেপারীসহ বেশ কয়েকজনের নামোল্লেখ ও ছবি ব্যবহার করে ব্যানার, পোস্টার, ফেস্টুনসহ কৃষক কিষাণীরা মানবন্ধনে অংশগ্রহণ করেন। তারা দাবী করেন প্রভাবশালীরা তাদের ফসলি জমিসহ বসতবাড়ী দখলের হুমকি দিচ্ছেন। জমিতে ফসল ফলানো বা কোনো রকম কাজ করতে গেলে খুন, জখম ও হত্যার হুমকি দিচ্ছে। প্রভাবশালীদের হামলা, হত্যা ও খুন জখমের হুমকির প্রতিবাদ করে মানববন্ধনে অংশগ্রহণকারী হারুন অর রশীদ, ফজলুল হক, হযরত আলী, রইছ উদ্দিনসহ অনেকে বলেন, প্রভাবশালীরা কৃষক মাইনুদ্দীন, আলম, সাঈদসহ অনেকের জমি জবরদখলের মাধ্যমে আত্মসাত করে সপরিবারে সর্বশান্ত করেছে। মানববন্ধনে কৃষকেরা জমিতে কাজ করা ও ফসল উৎপাদনের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেয়ার দাবী করেন তারা।









