মুজিব শতবর্ষ উপলক্ষে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও প্রসার বাড়াতে সরাইলে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আনন্দ মেলা। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সরাইল বণিক পাড়া প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। জাতীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী প্রকল্প পরিচালক(অর্থ ও ক্রয়) শাহ্ মোঃ আব্দুল রাজ্জাক এর সভাপতিত্বে এবং সাথী আক্তারের সঞ্চালনায় মেলার উদ্বোধন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এস. এম মোসা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম পলাশ, বাংলাদেশ গ্যাসফিল্ড কোঃ লিঃ, ব্রাহ্মণবাড়িয়া শাখার এসিস্ট্যান্ট চীফ মেডিকেল অফিসার ইসমত আরা বেগম।
এ মেলা চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৩ দিন ব্যাপী এ মেলায় ৬টি স্টল স্থান পেয়েছে। এতে ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি ব্লক, বাটিক, হস্ত শিল্প, গৃহসজ্জা সামগ্রী, হস্তশিল্প পণ্য, নকশিকাঁথা, কারুশিল্প, চামড়াজাত দ্রব্যসহ বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শণ করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন।









