“ইশারা ভাষা উন্নয়ন, এগিয়ে যাব প্রতিজনে” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দশ দফা দাবী পুরণের লক্ষে ছাগলনাইয়া উপজেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ছাগলনাইয়ায় মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেল ৪ টায় ছাগলনাইয়া উপজেলা বাক ও শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়কে সংগঠনটির বাক ও শ্রবণ প্রতিবন্ধী ইশারা ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যরা মৌন মিছিল করে। এসময় তারা তাদের দাবী সমুহ সাংবাদিকদের লিখিত আকারে জানায়। তাদের দাবী- ১. প্রাথমিক স্তরে ইশারা ভাষাকে পাঠ সূচীর অন্তর্ভুক্ত করা। ২. দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ইশারা ভাষার প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক দিতে হবে। ৩. সমাজ সেবা অধিদপ্তরের সকল কার্যালয়ে ইশারা ভাষা দোভাষী নিয়োগ দিতে হবে। ৪. শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষে সকল সরকারী ও বেসরকারী সকল হাসপাতাল ও ক্লিনিকে ইশারা ভাষার প্রশিক্ষণ প্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী রাখার ব্যবস্থা করতে হবে। ৫. বেসরকারী হাসপাতাল বা ক্লিনিক সমূহে দুঃস্থ প্রতিবন্ধীদের চিকিৎসার খরচ অর্ধেক নিতে হবে। ৬. সামাজিক, অর্থৈনতিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে প্রতিবন্ধীতার ধরণ অনুযায়ী পুর্ণ ও কার্যকরী অংশগ্রহনের সুযোগ দিতে হবে। ৭. প্রচলিত আইন অনুযায়ী প্রতিবন্ধী ব্যক্তির উত্তরাধিকার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। ৮. শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের সরকারী চাকুরীতে নিয়োগের জন্য পৃথক কোটা নির্ধারন করতে হবে। ৯. প্রতিবন্ধীদের আইনি সহায়তা প্রদানের লক্ষে সকল আদালত, বিচারালয়, থানা ও কর কর্তৃপক্ষের দপ্তরে কর্মরত কর্মকর্তাদের ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। ১০. শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ঘরে বাহিরে যেকোনো ধরনের নির্যাতন ও অবহেলা বন্ধ করতে হবে। এসময় সংগঠনটির সভাপতি মোঃ ইসমাইল মানিক ও সাধারণ সম্পাদক মোঃ আশ্রাফ হোসেন জানান, সংগঠনটির ছাগলনাইয়া উপজেলা কর্যালয়ে ইশারা ভাষার প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়।
Please follow and like us:









