বাগেরহাট সদর উপজেলায় ১৫ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সোমবার (৬ এপ্রিল) রাতে নির্যাতিতা কিশোরীর মা বাদী হয়ে ধর্ষণের দায়ে হাফিজুর রহমানকে (৪৫) আসামি করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
আজ মঙ্গলবার সকালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অভিযুক্ত হাফিজুর রহমান বাগেরহাট সদর উপজেলার বারাকপুর গ্রামের নওয়াব আলী শেখের ছেলে, সে ষাটগুম্বজ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
ঘটনার বর্ণনায় নির্যাতিতার মা বলেন, সোমবার সকালে আমি মেয়েকে ঘরে রেখে বাজারে চাল আনতে যাই। বাজার শেষে বাড়ি ফিরে আমি ঘরে ঢুকতে গেলে হাফিজুর ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। মেয়ে কান্নাকাটি করে আমাকে জানায় হাফিজুর তাকে ধর্ষণ করেছে। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি, প্রতিবেশী ও পুলিশকে জানিয়েছি । আমার মেয়ের উপর নির্যাতনকারী হাফিজুরের বিচারের দাবি করছি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত হাফিজুরকে গ্রেফতারের জন্য পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।









