ইমরান খান রাজ, দোহার প্রতিনিধি:- ঢাকার দোহার উপজেলার নারিশা ইব্রাহিমীয়া মাদ্রাসার শিক্ষক মো. জুবায়ের আহমেদ সাকী’কে ছুরিকাঘাত করে প্রায় ৫ লাখ টাকা ছিনতাই করা হয়। আহত জুবায়ের আহমেদ উপজেলার মুকসুদপুর গ্রামের হাফেজ ওমর ফারুকের ছেলে।
গত মঙ্গলবার আনুমানিক বিকাল ৩ টার সময় জুবায়ের আহমেদ ফুলতলার একটি ব্যাংক থেকে তার পারিবারিক টাকা উত্তোলন করে জয়পাড়া যাওয়ার পথে, শিমুলিয়া এলাকায় ৪-৫ জন ছিনতাইকারী এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে তার কাছে থাকা নগদ চার লাখ পঁচাশি হাজার (৪, ৮৫, ০০০) টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় আহত জুবায়েরকে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
এবিষয়ে নারিশা ইব্রাহিমীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব আবু বকর হাসান বলেন, যারা এই ধরনের ছিনতাই অপকর্মের সাথে জড়িত রয়েছে তাঁদেরকে চিহ্নিত করে কঠোর পদক্ষেপ নেওয়া হোক।
ছিনতাইয়ের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নারিশা ইব্রাহিমীয়া মাদ্রাসা ও এতিমখানার যুগ্ন-সাধারণ সম্পাদক জনাব মঞ্জু মোল্লা বলেন, এধরণের ঘটনা বর্তমানে দোহারে প্রায়ই লক্ষ করা যায়। প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে, এসব ঘটনা ক্রমেই বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।
এবিষয়ে জানতে চাইলে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম শেখ বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। ভুক্তভোগীর পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।







