সাইফুল আলম সুমন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় পিকআপের দুই আরোহী নিহত ও ছয়জন আহত হয়েছে। শনিবার রাত পৌনে ৮টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার আনসার রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম তারাজুল ইসলাম (৪২)। সে রংপুরের পীরগঞ্জ এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। তারাজুল বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মালামাল বিক্রি করতো। নিহত অপর ব্যক্তির (৫২) পরিচয় পাওয়া যায়’নি।
মাওনা হাইওয়ে থানার আরপ্রপ্ত (ওসি) দেলোয়ার হোসেন জানান, শনিবার রাতে ঢাকাগামী একটি ট্রাক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের আনসার রোড এলাকায় হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা সিলভারের হাড়ি পাতিল ভর্তি একটি পিকআপ ওই ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপের চালকসহ আট যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর ৬জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা সবাই পুরুষ এবং ওই পিকআপের আরোহী ছিলেন।









