২৮ অক্টোবর পবিত্র জুমার নামাজের পর ঢাকার বকশীবাজারস্থ আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে এক মনোজ্ঞ সীরাতুন্নবী (সা.) জলসার আয়োজন করে আহমদীয়া মুসলিম জামাত ঢাকা। আহমদীয়া মুসলিম জামাতের সদস্যরা বছরব্যাপী দেশের বিভিন্ন প্রান্তে নবী করীম (সা.)এর জীবনের উপর আলোচনা সভার আয়োজন করে থাকে।
জুমুআর নামাজের পর আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমীর জুলফিকার হায়দারের সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই জলসার কার্যক্রম শুরু হয়। জলসায় মহানবী বিশ্বনবী ও শ্রেষ্ঠনবী হযরত মুহাম্মদ (সা.)-এর উত্তম জীবনাদর্শ এবং অতুলনীয় শান, মোকাম ও মর্যাদা বিষয়ে প্রাণসঞ্চারী বক্তব্য রাখেন মওলানা শেখ মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল উদ্দিন ভূইয়া এবং আহমদীয়া মুসলিম জামা’ত বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।
শ্রেষ্ঠনবী হজরত মুহাম্মদ (সা.) এর অনুসরণের মাধ্যমেই যে কেবল মুক্তি লাভ সম্ভব এ বিষয়টিও পবিত্র কোরআনের আলোকে বক্তাগণ তুলে ধরেন। শেষে আহমদীয়া ন্যাশনাল আমীর মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।
Please follow and like us:







