নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গত সোমবার রাতে রাজশাহীর পবা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। ওই শিক্ষার্থীর নাম মাহাবুব আলম। সে ভূ-তত্ব ও খনিবিদ্যা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তাকে গত সোমবার রাত ১০টার দিকে রাজশাহীর পবা কাঁঠালপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে পারিলা ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি মিনারুল ইসলাম সোমবার রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মাহাবুবের বিরুদ্ধে থানায় মামলা করেন। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মাহবুব তার নিজ ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করেন। তবে মাহাবুবের ফেসবুক খুঁজে অভিযোগের বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।









