ফিরে দেখা ২০১৯ সালের ছাগলনাইয়া উপজেলার উল্লেখযোগ্য ঘটনাবলি
২০১৯ সাল শেষ হয়ে এলো ২০২০। ২০১৯ সালের ছাগলনাইয়া উপজেলার দিকে ফিরে দেখলে উল্লেখযোগ্য কি দেখতে পাই ? সংক্ষেপে দেখলে, বছরটির প্রথম মাস তথা জানুয়ারীর ২৮ তারিখ সন্ধ্যা ৮ টায় ছাগলনাইয়ার মেধাবী যুবক মোঃ সেলিম মজুমদার রুবেল (৩২) অকালে মৃত্যু বরণ করে। সে যুব উন্নয়ন অধিদপ্তর পরশুরাম উপজেলা কার্যালয়ের ক্রেডিট এন্ড মার্কেটিং অফিসারের দায়িত্বে কর্মরত ছিলো। সে পশ্চিম ছাগলনাইয়া মিয়াজী বাড়ীর বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ মজুমদারের ছোট ছেলে।
৩০ মার্চ শনিবার সন্ধ্যা ৭ টায় মৃত্যু বরণ করেছিলেন ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বশর (৫৮) বিএসসি। তিনি দীর্ঘদিন কিডনি রোগে আক্রান্ত থেকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৬ এপ্রিল মধ্যরাতে ছাগলনাইয়ার ঘোপাল ইউনিয়নের ১ নং ওয়ার্ড সিংহনগর এলাকার মুহুরী বাড়ীতে ভয়াবহ অগ্নীকন্ডের ঘটনা ঘটে। এতে ১৫ টি বসতঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে যায় এবং প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
২২ মে বুধবার সকাল ১০ টায় মৃত্যু বরণ করেছিলেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান (৭৫)।
২৮ মে ছাগলনাইয়া থানায় যোগদান করেন নতুন ওসি মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ।
১৬ জুন ভোরে পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ী এলাকায় ফসলী জমিতে এক যুবকের গলিত লাশ পাওয়া যায়। তিনদিন নিখোঁজ থাকার পর লাশটি পাওয়াযায়। সে পশ্চিম ছাগলনাইয়া আহাম্মদ আলী মিঝি বাড়ীর আমান উল্যাহর ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮)।
১৮ জুন ছাগলনাইয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে এনাম মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিবি জোলেখা শিল্পী নির্বাচিত হয়। এবং ২৬ আগষ্ট তারা শপথ গ্রহণ করেন।
৩ জুলাই দুপুরে আদালতের নির্ধেষে ডিএনএ পরীক্ষার জন্য মটুয়া কলোনির বড় কবরস্থান থেকে ফাহিমা আক্তার নামক ১৪ বছরের এক কিশোরীর লাশ দাফনের ৭ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়। ২০১৮ সালের ১৩ নভেম্বর ওয়ালি উল্যাহ নামক এক বয়োবৃদ্ধ ব্যক্তি ফেনীর হক টাওয়ারের নবম তলার একটি ফ্লটে ধর্ষণ করে এবং পরে শ্বাস রোধ করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর তার গলায় ওড়না দিয়ে ঝুলিয়ে রাখে যাতে আত্মহত্যা বুঝানো যায়।
১০ আগষ্ট পবিত্র হজব্রত পালনকালে আরাফাতের ময়দানে ইন্তেকাল করেন ছাগলনাইয়া প্রেসক্লাবের সম্মানীত সদস্য মাসিক হায়দার পত্রিকার সম্পাদক জিয়া হায়দার স্বপন।
২১ আগস্ট বুধবার সকাল ৬ টা ৩০ মিনিটের সময় মৃত্যুবরণ করেন শুভপুর ইউনিয়ন পরিষদেও সাবেক চেয়ারম্যান আবু বকর ছিদ্দীক মানিক (৬৫)।
১লা সেপ্টেম্বর ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসারের নতুন দায়িত্বভার গ্রহণ করেন ৩০তম বিসিএস সম্পন্নকারী সাজিয়া তাহের।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার মহামায়া ইউনিয়নের উত্তর সতর মিঝি বাড়ী থেকে নাসরিন আক্তার মনজু (২৮) নামক ৫ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছিলো ছাগলনাইয়া থানার পুলিশ। স্বামীর পরিবারের লোকজনের নির্যতনে মৃত্যু মুখে পতিত হয় নাসরিন।
৪ সেপ্টেম্বর বুধবার নিজের অমতে বিয়ে ঠিক করায় বাবা মায়ের প্রতি রাগ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলো উম্মে হাবিবা টুম্পা (২১)। সে পুর্ব ছাগলনাইয়া রাজ্জাক মেম্বার বাড়ীর জয়নাল আবেদীন ও নুর জাহান বেগম’র কন্যা।
৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে ছাগলনাইয়া পৌর শহরের জিরো পয়েন্টে সথানীয় আ’লীগের দুই গ্রুপের মাঝে সংঘর্ষের ঘটনায় আহত হয় ৮/১০ জন। এ ঘটনায় পুরো উপজেলা ব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছিলো। এলাকায় থমথমে ভাব বিরাজ করেছিলো। পক্ষে বিপক্ষে থানায় মামলা দায়ে করা হয়। অবশেষে ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী এমপির হস্তক্ষেপে বিষয়টি নিষ্পত্তি হয়।
১৫ সেপ্টেম্বর ছাগলনাইয়া প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোঃ মোস্তফা সভাপতি ও নজরুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।
২০ সেপ্টেম্বর ছাগলনাইয়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে নিজাম উদ্দিন মজুমদার ও সাধারণ সম্পাদক পদে টানা দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয় মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
৩০ সেপ্টেম্বর রাত ২ টার সময় পাঠাননগর ইউনিয়নের দক্ষিণ হরিপুর হানিফ মাস্টার বাড়ীর প্রবাসী দেলোয়ার হোসেন প্রকাশ দেলু মেস্ত্রীর একমাত্র ছেলে আবদুল্লাহ আল মামুনকে ৮/১০ জনের একদল মূখোশধারী ডাকাত গুলিবিদ্ধ করে। পরের দিন চট্টগ্রামে সে মৃত্যুবরণ করে।
৯ অক্টোবর ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে নতুন কর্মস্থলে কর্মে যোগদান করেন ৩৩তম বসিএিস সম্পন্নকারী নাহিদা আক্তার তানিয়া।
২১ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে ছাগলনাইয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লাইফ কেয়ার ফার্মেসীর মালিক মোঃ জিয়া উদ্দিন আফছার (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছিলো।
৮ ডিসেম্বর রবিবার বিকেলে উপজেলার ঘোপাল ইউনিয়নের সমিতি বাজার এলাকায় স্থানীয় আ’লীগের দুই পক্ষের মাঝে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যবরণ করেছে প্রবাসী যুবক সিরাজ উদ্দৌলা (৩০)। সে নিজকুঞ্জরা গ্রামের আবদুল কাদের’র ছেলে।









