নয়া আলো ডেস্কঃ- বরিশাল সিটি নির্বাচনকে কেন্দ্র করে নগরীর সদর রোডে কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ দুপুর ১ টার দিকে সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আওয়ামী লীগ ও বাসদের নেতা-কর্মীদের মধ্যে ত্রিমুখী এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান- বেলা পৌনে ১টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী ওবাইদুর রহমান মাহাবুব সদর রোড দিয়ে যাচ্ছিলেন। এসময় তার কাছাকাছি দূরত্বে বাসদের মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী তার সমর্থকদের নিয়ে আসছিলেন। হঠাৎ করেই সিটি কলেজের গেট থেকে তাদের উদ্দেশ করে কতিপয় যুবক ইট-পাটকেল নিক্ষেপ করলে ত্রিমুখী সংঘর্ষ বেঁধে যায়। এসময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসন আহত হন।
ইসলামী আন্দোলনের নেতাদের দাবি- নৌকার সমর্থকরা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ও বাসদের মিছিলের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এদিকে নগরের ১০ নম্বর ওয়ার্ডের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জয়নাল আবেদীন ও এটি এম শহীদুল্লাহ কবিরের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে প্রথমে মারামারি ও পরে সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
যা নগরের ফজলুল হক অ্যাভিনিউ থেকে সদররোডে ছড়িয়ে পরে। প্রায় একঘণ্টার ব্যবধানে বিজিবি ও র্যাব-পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।









