খাগড়াছড়ি–চট্টগ্রাম মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন বুদংপাড়া এলাকায়, গতকাল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫টার দিকে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, চট্টগ্রাম থেকে আসা একটি বোঝাই ট্রাক খাগড়াছড়ির দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা চার আরোহী সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে হঠাৎ মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে আজ সকালে গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত ব্যক্তির নাম শুভদাস ত্রিপুরা (পিতা: গোনা দাশ বৈষ্ণব)। তিনি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈষ্ণব পাড়ার বাসিন্দা।
আহতরা হলেন—মিলন ত্রিপুরা (পিতা: কোমরঞ্জন ত্রিপুরা) ও রনি বিকাশ (পিতা: স্বপন দাস); উভয়ের বাড়ি হাফছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বৈষ্ণব পাড়ায়। অপর আহত ব্যক্তি উত্তম কুমার ত্রিপুরা (পিতা: দহেন কুমার ত্রিপুরা), তিনি মহালছড়ি উপজেলার ধুমনিঘাট এলাকার বাসিন্দা।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গুইমারা উপজেলার বুদংপাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি, তবে মামলা প্রক্রিয়া চলমান রয়েছে।
Please follow and like us:








