সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার আলিম গনি মার্কেটে মোবাইল ফোন নিয়ে বিতর্কের জেরে ছুরিকাঘাতে এক কাপড় ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যবসায়ীর নাম মাহমুদুল হাসান পিয়াল (৩০)। তিনি বাঁধনপাড়া এলাকার কুতুবুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে মাহমুদুল হাসান পিয়ালের মালিকানাধীন ‘মাহফুজা ফ্যাশন’ কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রেজান (২৮) নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রেজান একই এলাকার মোহাম্মদ ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহমুদুল হাসান পিয়ালের মালিকানাধীন ‘মাহফুজা ফ্যাশন’ কাপড়ের দোকানে রেজান নামে এক যুবক এসে মাহমুদুল হাসান পিয়ালের মোবাইল ফোনটি কথা বলার জন্য নেন। কথা বলা শেষ হলেও তিনি মোবাইলটি ফেরত না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পিয়াল তার পিছু নিলে আলম গনি মার্কেটের সামনে রাস্তায় রেজান তাকে ছুরিকাঘাত করেন। ছুরিকাঘাত করার পরপরই মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা পিয়ালকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত রেজান (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






