১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ক্রিকেটারদের প্র্যাকটিসে ‘মুখোশ’

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : অক্টোবর ৩১ ২০১৯, ২১:২১ | 914 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্পোর্টস ডেস্ক – সাকিব-বিতর্ক পেছনে ফেলে মাত্রই ভারতে পা রাখা বাংলাদেশ দলকে দিল্লিতে স্বাগত জানালো শহরের মারাত্মক দূষণ। এমনকি, আজ (বৃহস্পতিবার) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের অনুশীলনে কোনও কোনও ক্রিকেটারকে ‘পলিউশন মাস্ক’ বা দূষণ-প্রতিরোধী মুখোশ পরেও অনুশীলন করতে দেখা গেছে!

মিরপুরে ভারত সফরের ক্যাম্পে নেটে কিংবা স্কিল অনুশীলনে কঠোর পরিশ্রম করেছেন লিটন দাস। কিন্তু অরুন জেটলি স্টেডিয়ামের অনুশীলনে মোটেও স্বচ্ছন্দে ছিলেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। বৃহস্পতিবারের অনুশীলনে তার মুখ ঢাকা ছিল পলিউশন মাস্কে। একাধিক সাপোর্ট স্টাফও এই ধরনের মাস্ক পরেছিলেন।

উত্তর ভারতের সবচেয়ে বড় উৎসব দিওয়ালি ছিল গত রবিবার (২৭ অক্টোবর)। দিওয়ালিতে প্রচুর পটকা আর আতশবাজি ফাটানোর পর প্রতিবারই দিল্লির বাতাস দূষণে মারাত্মক ভারী হয়ে ওঠে। এবারও তার ব্যতিক্রম হয়নি, যদিও পরিস্থিতি গত তিন বছরের চেয়ে কিছুটা ভালো। কিন্তু হরিয়ানা, উত্তরপ্রদেশের মতো দিল্লির লাগোয়া রাজ্যগুলোতে চাষের ক্ষেত যথারীতি পোড়ানো শুরু হয়ে গেছে, তাতে দিল্লির আকাশ ছেয়ে আছে ছাই-ছাই ধোঁয়াশার আস্তরণে।

এই পরিস্থিতিতে ভারতের রাজধানীর বেশ কিছু পরিবেশবাদী সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে আবেদন জানিয়েছিল, দিল্লি থেকে বাংলাদেশ-ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অন্যত্র সরিয়ে নেওয়ার। রবিবার (৩ নভেম্বর) অরুন জেটলি স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচ প্রসঙ্গে ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী, সাবেক ওপেনার ও বর্তমানে বিজেপি এমপি গৌতম গম্ভীর পর্যন্ত স্বীকার করেছেন, দিল্লির বাতাসের পরিস্থিতি এখন আন্তর্জাতিক মানের খেলার উপযুক্ত নয়।

রভিনা রাজ কোহলি ও জ্যোতি পান্ডের মতো সুপরিচিত অ্যাক্টিভিস্টরা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীকে খোলা চিঠিতে অনুরোধ করেছেন, ‘ক্রিকেটারদের স্বাস্থ্যের ওপর এই দূষণ যে দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব ফেলবে, সেটা বিবেচনা করেই রবিবার দিল্লির ম্যাচটির ভেন্যু পরিবর্তন করা উচিত।’

ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর উদ্বেগ, ‘আমি দিল্লি শহরেই বেড়ে উঠেছি, তারপরও স্বীকার করতে দ্বিধা নেই এখানকার দূষণ মারাত্মক উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। আপনার চোখ এখানে সব সময় জ্বালা জ্বালা করবে, দিল্লিতে নিজেকে ফিট রাখাটাই বিরাট সমস্যা!’

ক্রিকেটার থেকে এমপি হওয়া গম্ভীর আবার বলছেন, ‘সমস্যাটা আসলে একটা ক্রিকেট ম্যাচের চেয়েও অনেক গুরুতর। ম্যাচ দিল্লিতে হবে কী হবে না, তার চেয়েও আমি বেশি চিন্তিত দিল্লির নাগরিকদের কথা ভেবে। দূষণের জন্য এই শহরের শিশু থেকে বৃদ্ধ- সবাই যে ভীষণ কষ্ট পাচ্ছেন, তা তো দেখাই যাচ্ছে।’

তবে ভারতীয় বোর্ডের একটি সূত্র জানিয়েছে, একেবারে শেষ মুহূর্তে এভাবে ম্যাচের ভেন্যু পরিবর্তন সম্ভব নয়। বোর্ডের এক শীর্ষ কর্তা এদিন এই প্রতিবেদককে বলেছেন, ‘ভারতের বিভিন্ন ভেন্যু যেভাবে রোটেশন পদ্ধতিতে অন্তর্জাতিক ম্যাচ পেয়ে তাকে, সেই নীতি অনুসরণ করেই দিল্লি সিরিজের প্রথম ম্যাচটি পেয়েছে। এখন দূষণের দোহাই দিয়ে ম্যাচটি দিল্লি থেকে সরিয়ে নেওয়া একরকম অসম্ভব।’

আগামী রবিবার দিল্লির টি-টোয়েন্টি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। শহর সারাদিন ধোঁয়াশায় ছেয়ে থাকলেও ফ্লাডলাইটে খেলা এই ম্যাচটিতে ‘ভিজিবিলিটি’তে (দেখতে) কোনও সমস্যা হবে না বলেও বোর্ড কর্মকর্তারা দাবি করছেন।

তবে দুই বছর আগে (ডিসেম্বর, ২০১৭) দূষণের কারণে দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনের খেলা দিনের বেলাতেই বেশ কয়েক মিনিট বন্ধ রাখতে হয়েছিল। সেবারের ঘটনায় দিল্লির দূষণ যে ক্রিকেট বিশ্বেও দুর্নাম কুড়িয়েছে, তা অস্বীকার করার কোনও উপায় নেই।

দিল্লি ও শহরতলির বিভিন্ন এলাকায় আজ (বৃহস্পতিবার) একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) বা বাতাসে দূষণের মাত্রা ৭৪৮ পর্যন্ত পৌঁছেছে, যা চরম ‘হ্যাজার্ডাস’ (বিপজ্জনক) বলে গণ্য করা হয়। এই প্রবণতা আগামী কয়েকদিনও অব্যাহত থাকবে বলে আবহবিদদের পূর্বাভাস। এই পরিস্থিতিতেও বাংলাদেশ আজ দুপুরে বেশ কয়েক ঘণ্টা আউটডোরে অনুশীলন করেছে।

সন্ধ্যায় ক্রিকেটারদের সম্মানে একটি সংবর্ধনা সভার আয়োজন করেছে দিল্লির বাংলাদেশ দূতাবাস। সেখানে টাইগারদের নৈশভোজ আয়োজন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET