চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:- কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎস্পৃষ্ঠে হয়ে আব্দুল হক ইমরান(২৬) নামের এক দুবাই প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের সিংরাইশ দক্ষিণ পাড়া হাজী বাড়ীর আব্দুর রহমানের পুত্র। নিহতের মামা হুমায়ন কবির সুমন তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে রাস্তার পাশে একটি ব্যাটারি চালিত অটোরিকশা নষ্ট হলে সহযোগিতার উদ্দেশ্যে চালকের অনুরোধে গাড়িটিকে ধাক্কা দেয় ইমরান। এ সময় বিদ্যুতের ঝুলন্ত তারে গাড়িটি এবং ইমরান বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। স্থানীয় লোকজন আহত ইমরানকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ইমরানের নয় মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামী ৩০ সেপ্টেম্বর তাঁর দুবাই যাওয়ার কথা ছিল। ভাগ্যের নির্মম পরিহাস-এর আগেই তাকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হয়েছে।









