বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কেড়ে নিল শিশু লাব্বাইক ওরফে আব্দুল্লাহ (৮) এর প্রাণ। ঘটনাটি ঘটেছে উপজেলার মির্জাপুর নামক স্থানে। গতকাল শুক্রবার সকাল অনুমান সাড়ে ৯ টায় চার্জার ভ্যানে থাকা বেঁচে যাওয়া যাত্রী ও এলাকাবাসীর ভাষ্যে জানা যায়, উপজেলার কুশারমুড়ি গ্রামের মোকলেছার রহমান তার আত্মীয় স্বজনকে নিয়ে নিজ চার্জার ভ্যানে বদলগাছী আসার পথে মির্জাপুর নামক স্থানে পৌঁছলে পিছন থেকে আসা সার বোঝাই একটি ট্রাক- (চট্রমেট্রো-ন-৪৪৫১ নং) ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যান চালক মোকলেছার রহমানের ৮ বছরের শিশু সন্তান লাব্বাইক ওরফে আব্দুল্লাহ ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ভ্যানের অন্যান্য যাত্রীদের আহত অবস্থায় বদলগাছী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন ভ্যান চালক মোকলেছার রহমান (৩২), কাশিমালা গ্রামের আজাদের স্ত্রী সামিয়ানা (৩০), রূপালী আকতার (২২), মহদিপুর গ্রামের রুবা আকতার (২৫)। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। শিশু লাব্বাইকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘাটক ট্রাকটি আটক করে বদলগাছী থানায় নিয়ে আসে। ট্রাক চালক পলাতক রয়েছে। বদলগাছী থানার এসআই শাহিন হোসেন বলেন এবিষয়ে থানায় একটি মামলা হয়েছে। অপর দিকে বেলা অনুমান ১২টার দিকে উপজেলা সদরের জিধিরপুর নামক স্থানে ট্রাক্টর ও ভুটভুটির (লছিমন) সংঘর্ষে ৩ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। আহতরা হলেন ভুটভুটি চালক মহাদেবপুর উপজেলার কালনা গ্রামের আনছার আলীর পুত্র সরিজুল ইসলাম (৫০), ট্রাক্টর চালক ধামুইরহাট উপজেলার চানকুড়ি গ্রামের এনামুল হকের পুত্র আকতার হোসেন (২৩) ও হেলপার আলমপুর গ্রামের শ্রী জীতেনের পুত্র শ্রী জয়ন্ত কুমার (২৩)।









